দক্ষিণ-পূর্বে উন্নতি, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর পান্থপথে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নদীসমূহের পানি আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে এই জেলাগুলোর নিম্নাঞ্চলে একটি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগেও বন্যার চোখরাঙানি দেখা দিয়েছে। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। ফলে আগামী দু-একদিনের মধ্যে তিস্তা অববাহিকার নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্র।

দক্ষিণ-পূর্বাঞ্চলের পানি কমতে শুরু করলেও উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বাড়ছে। ফলে সিলেট ও রংপুর বিভাগের কিছু জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের।

ব্রিফিংয়ে জানানো হয়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে (চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান) যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখন উন্নতির দিকে। ওই অঞ্চলের প্রধান নদীগুলোর পানি ধীরগতিতে কমতে শুরু করায় নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নামছে, যা দুর্গত মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।