চারদিনের বিরতির পর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে নতুন করে বৈরী আবহাওয়ার আভাস আসায় চরম দুশ্চিন্তা ও উদ্বেগে পড়েছেন উপকূলের জেলে ও ট্রলার মালিকেরা।
বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে সতর্ক সঙ্কেত জারির এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সরেজমিন, রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকা ঘুরে দেখা গেছে সকাল থেকেই কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, আবার কোথাও রোদের দেখা মিলছে। মাঝেমধ্যে মেঘের আড়াল থেকে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। স্থানীয় নদ-নদীগুলো এখনো শান্ত থাকলেও গভীর সাগরে আবারও বৈরী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলেদের গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করছে।
গত দুই জুলাই বঙ্গোপসাগরে সৃষ্ট আগের লঘুচাপটি অগ্রসর ও ঘনীভূত হওয়ার পর তা দুর্বল হয়ে পড়ে। গত ১১ জুলাই সেই লঘুচাপের প্রভাব কেটে যাওয়ার পর মাত্র চারদিনের মাথায় সাগরে আবার নতুন লঘুচাপের সৃষ্টি হলো।
স্থানীয় জেলেরা জানান, টানা প্রায় ১০ দিন বৈরী আবহাওয়ার কারণে তারা কর্মহীন ছিলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মাত্র দু-একদিন আগে জেলেরা ধারদেনা করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু নতুন করে সতর্ক সঙ্কেত জারি হওয়ায় তাদের সেই আশায় আবারও বড়ো ধাক্কা লাগলো। ফলে উপকূলের হাজারো জেলে পরিবারের আয়-রোজগার ও জীবিকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ায় গলাচিপায় সাগরে ট্রলার ডুবে এখন পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। আর বুধবার দুপুরে রাঙ্গাবালীতে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রুবেল হাওলাদার (২৮)। তিনি সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
এদিকে মঙ্গলবার (১৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির একাত্তরকে জানান, মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। এ সময় বৃষ্টি কমে যাওয়ার পাশাপাশি স্থানভেদে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
মিস্টার কবির জানান, বর্ষাকাল চলমান থাকায় একেবারে বৃষ্টিহীন থাকবে না চারপাশ। এই সময়েও রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির এই সাময়িক বিরতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী শুক্রবার (১৭ জুলাই) থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে বুধবার থেকেই সাগরে লঘুচাপের খবর এলো।