আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ সময়ে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, গত সপ্তাহের টানা বৃষ্টির পর সাময়িক বিরতি মিললেও রোববার থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে এর প্রভাব বেশি দেখা যেতে পারে।
এদিকে টানা বৃষ্টির কারণে দেশের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, বর্তমানে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কয়েকটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ ও উজানের পানির প্রবাহের ওপর দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। বিশেষ করে উত্তরাঞ্চলের নদী অববাহিকাগুলোতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।