চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুইদিন আগেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) ১২টা ৭মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা মাধ্যমে গুঞ্জন চলছে।
তবে দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় অবগত নন জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় আগে এসেছি। ব্যক্তিগত কাজে আগে এসেছি।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে চলমান সংসদের স্পীকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
রাষ্ট্রপতি নিয়োগে সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমা অনুযায়ী ওই সময় স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে সবকিছুই নির্ভর করছে রাষ্ট্রপতির পদত্যাগের ওপর, যোগ করেন তিনি।
এর আগে চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।