একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার লক্ষে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমগ্র পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও পঞ্চম শিল্পবিপ্লবের ভিত্তি রচনা করছে, যেখানে সেমিকন্ডাক্টর শিল্পই আধুনিক সভ্যতার মূল স্তম্ভ হয়ে উঠেছে। এই সম্ভাবনাময় বাজারে প্রবেশ করেছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বাংলাদেশ তা পূরণে সক্ষম হবে।
শনিবার (২৫ জুলাই) ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিট ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা ও প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সামিটের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, এই খাতের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ, দক্ষতার ঘাটতি এবং বিনিয়োগের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে সব বাধা পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে সরকার সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে।
পোশাক শিল্পের সাফল্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা পেরিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সফলতা দেখেছে। তৈরি পোশাক শিল্পের পর এখন সেমিকন্ডাক্টর শিল্পই দেশের পরবর্তী বড়ো সম্ভাবনার গন্তব্য হতে পারে।