সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় দুর্যোগ এড়াতে পাহাড়ি এলাকা ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছে আবহাওয়া অফিস।