ভিসা নিয়ে প্রতারণা থেকে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার নামে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের কোনো ফাঁদে না পড়তে এবং লেনদেন করা থেকে বিরত থাকতে যৌথ পরামর্শ জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্যের কথা জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, কর্মকর্তা সেজে প্রতারক চক্রের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা এবং অর্থের বিনিময়ে দ্রুত ভিসা ও কনস্যুলার সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়ার খবর তারা পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা দেওয়ার প্রস্তাব দিয়ে বা অর্থ দাবি করতে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইমেইলে কারো সঙ্গে যোগাযোগ করেন না। সকল ধরনের ভিসা আবেদন নির্দিষ্ট ও কঠোর অফিশিয়াল নিয়ম অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়ে থাকে।

কেউ যদি এই ধরণের কোনো প্রতারণামূলক কল বা মেসেজ পান, তবে হাইকমিশনের নির্দেশনাসমূহ:

  • কোনো ধরনের অর্থ প্রদান করা যাবে না।
  • নিজের ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না।
  • প্রতারকের ফোন নম্বর, চ্যাটের স্ক্রিনশট বা প্রাসঙ্গিক প্রমাণসহ বিষয়টি তাৎক্ষণিকভাবে visa.dhaka@mea.gov.in ইমেইলে হাইকমিশনকে লিখিতভাবে জানাতে হবে।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদের মধ্যেও সচেতনতা তৈরি করার আহবান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।