দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশে এমন একটি উন্নত ও চিকিৎসাবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে চিকিৎসার জন্য কাউকে আর বিদেশমুখী হতে না হয়। একই সঙ্গে চিকিৎসকদের দলীয় রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাদের পেশাগত সেবাদানে কোনো বিঘ্ন না ঘটায়, সেদিকে খেয়াল রাখারও নির্দেশ দেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের স্বাস্থ্যব্যবস্থা সংস্কার ও সার্বিক চিকিৎসাসেবার মান বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমরা এমন একটি চিকিৎসাবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দেশের সব নাগরিক নিজ দেশেই মানসম্মত সেবা পাবেন এবং কাউকে চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশমুখী হতে হবে না।
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও সততার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলীয় রাজনৈতিক সম্পৃক্ততা বা মতাদর্শ যেন চিকিৎসকদের পেশাগত জীবনে ও সেবাদানে কোনো ধরনের বিঘ্ন না ঘটায়, সেদিকে চিকিৎসাসমাজকে সতর্ক ও খেয়াল রাখতে হবে।
দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সঙ্কটময় করে তুলতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বল্পমেয়াদি সুবিধার বদলে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদে একটি টেকসই ও মজবুত জ্বালানি খাত গড়ে তুলতে কাজ করছে।
সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই খাতকে অস্থিতিশীল বা বিতর্কিত করতে যারা অপপ্রচারে লিপ্ত রয়েছে, তাদের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরিবেশবান্ধব চারারোপণ এবং শান্তির পায়রা উড়িয়ে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ নেন।