জুলাই যোদ্ধাদের অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থায়ী জীবিকা নির্বাহে সহায়তার লক্ষে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হাতে তিনি এসব উপহার তুলে দেন।

অনুষ্ঠানে উপহার পাওয়া প্রত্যেক সদস্যের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিবেশ ও জীবিকা নির্বাহের খোঁজখবর নেন।  

যারা উপহার পেয়েছেন তারা হলেন- মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ রয়েছে। তাকে একটি সিএনজি অটোরিকশা উপহার দেওয়া হয়।  

এছাড়া কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা এবং বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।