নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (৯ আগস্ট) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। খবর বাসসের।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
শপথগ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে-সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।
সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে। এছাড়া, প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে বিভিন্ন কমিটি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটিগুলোতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে।
চিঠি পাওয়ার পরপরই কমিটিগুলোকে সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
পাশাপাশি, তাদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।