কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।

এর আগে সোমবার স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এখন পর্যন্ত অন্তত ১৬৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। 

ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা ও জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা।