মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট অপরাহ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করলে তার কার্যভার গ্রহণের তারিখ হতেই সংশ্লিষ্ট সংসদীয় আসনটি শূন্য হয়। সংবিধানের এই বিধান অনুযায়ী, ২১ আগস্ট থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সই করে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।