জাতীয় স্বার্থে নিরাপত্তা জোটে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়: প্রতিমন্ত্রী

জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ‘ইমজা’র (ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন) নেতাদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বহুচর্চিত মক্কা চুক্তি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই সরকার সিদ্ধান্ত নেবে।

এ সময় তিনি সরকারের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক নীতি, জ্বালানি খাতের সংস্কার এবং ইউরো-বাংলাদেশ কূটনৈতিক যোগাযোগ সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই সফর অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

জ্বালানি খাত নিয়ে বিগত সরকারের সময়ে সংঘটিত দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে কীভাবে সাইকোপ্যাথিক দুর্নীতি হয়েছে, তা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনর্গঠন করছে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে কোনো বহিরাগত চাপ নেই মন্তব্য করে তিনি বলেন, সম্পূর্ণ অভ্যন্তরীণ চাহিদা ও অর্থনৈতিক সমীক্ষার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুতই তার্কিশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ সিলেটবাসীকে ইস্তাম্বুল হয়ে বিশ্বে যাতায়াতের পথ সহজ করবে।

ইউরোপের ভিসা সেন্টার ঢাকায় আনার উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দিল্লির ওপর নির্ভরতা কমিয়ে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট আবেদনকারীদের ভোগান্তি কমাতে শেনজেনভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা কার্যক্রম ঢাকায় হস্তান্তরের কূটনৈতিক প্রচেষ্টা চলছে।