ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর


ঠাকুরগাঁও-১ জাতীয় সংসদ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী:

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর

মনোনয়নপত্র বাছাই: ২৯ সেপ্টেম্বর

আপিল দায়ের: ৩০ সেপ্টেম্বর থেকে চার অক্টোবর

আপিল নিষ্পত্তি: ছয় অক্টোবর

প্রার্থিতা প্রত্যাহার: সাত অক্টোবর

প্রতীক বরাদ্দ: আট অক্টোবর

ভোটগ্রহণ: ২৯ অক্টোবর

ইসি জানিয়েছে, জেলা নির্বাচন কর্মকর্তা এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, প্রবাসী ও দূরবর্তী ভোটারদের সুবিধা নিশ্চিতে এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ থাকছে।

আসনটিতে বিগত নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচ লাখ সাত হাজার ২০৩ জন। এবারের ভোটার সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৫ হাজার ৫২৫ জন হয়েছে। ভোটারের সংখ্যা বেড়েছে আট হাজার ৩২২ জন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২২ আগস্ট সংসদ সচিবালয় থেকে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়। 

এদিকে আসনটি শূন্য ঘোষণা করার পর গত ৩০ অগাস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সেখানে লড়েছিলেন। তবে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি।