গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক চরিত্রহন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন বুলিং প্রতিরোধ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’ পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ আইনের মূল লক্ষ্য ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা এবং নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে রক্ষা করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আইআরআই-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচির বিষয় উপস্থাপন করেন। তিনি জানান, দেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা বর্তমানে সাইবার বুলিং ও সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও শক্তিশালী আইনি সুরক্ষার আহবান জানান তিনি।

আইআরআই প্রতিনিধিদলের বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার নাগরিকদের বাক-স্বাধীনতা এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহন বা গালিগালাজ কোনোভাবেই এক নয়।

তিনি আরও জানান, প্রস্তাবিত আইনটি যেন কোনোভাবেই অপব্যবহার না হয়, সে জন্য গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সম্পাদক এবং সুশীল সমাজের অংশীজনদের গঠনমূলক মতামত গ্রহণ করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা ও বাক-স্বাধীনতার ভারসাম্য বজায় রেখে আইনটি চূড়ান্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।