আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি সরকারের কঠোর নির্দেশনার কারণে এবার সময়সীমা শেষ হওয়ার পরপরই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর তালিকা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে।
ওই তালিকার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে হজযাত্রীদের সৌদিতে অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল চেকআপ), ফিটনেস সনদ গ্রহণ, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান এবং হজ প্রশিক্ষণসহ আনুষঙ্গিক সব প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।
২০২৭ সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি দুই মাধ্যম মিলিয়ে মোট ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। মোট নিবন্ধিতদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
ধর্ম মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, নির্ধারিত মেয়াদের পর কোনোভাবেই নিবন্ধনের সুযোগ থাকবে না। তাই বিলম্ব না করে আগ্রহীদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।