বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তার দেওয়া বার্তায় এসডিজি দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণও ভিডিও বার্তা দেন।
জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে জানা গেছে, আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।