দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনে নদী দিবস উপলক্ষে নোঙর আয়োজিত ‘দেশের নদী অধিকার ও আন্তর্জাতিক পানির ন্যায্য বণ্টন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে গঙ্গা চুক্তি বাস্তবায়নে ভারতকে তার দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সব বাস্তবতা ও প্রভাব বিবেচনায় নিয়েই পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এদিকে উপকূলীয় এলাকার পানি সংকট নিয়ে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, উপকূলীয় অঞ্চলে ৮০০ থেকে ৯০০ ফুট গভীর নলকূপ স্থাপন করেও অনেক এলাকায় পানি মিলছে না।
এ সংকট মোকাবিলায় খাল খননের প্রয়োজন। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন বলেও জানান তিনি।
আলোচনা সভায় পানিসম্পদমন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও নদী রক্ষা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।