সৌদিতে দক্ষ জনশক্তি ও সম্ভাবনা কাজে লাগান: রাষ্ট্রপতি

সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’, ‘ওয়ার্ল্ড এক্সপো’ এবং ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪’-কে কেন্দ্র করে সে দেশে বিশাল উন্নয়ন কর্মকাণ্ড ও নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এসব মেগা প্রকল্প ও অবকাঠামো নির্মাণে প্রচুর দক্ষ জনশক্তির চাহিদা তৈরি হওয়ায় বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণের সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি এই বিপুল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে প্রতিনিধিদলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

চেম্বারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে জানানো হয়, কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করে তারা কাজ করছেন। বিশেষ করে সৌদি আরবের বড়ো পাঁচটি শহরে বাংলাদেশের পণ্য, সেবা ও সম্ভাবনাময় খাতগুলোর প্রচার এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তুলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিষ্ঠায় তারা সক্রিয় ভূমিকা রাখছেন।

সাক্ষাৎ শেষে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। সৌদি আরবের বিশিষ্ট বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে হতে যাওয়া ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন রাষ্ট্রপতি।   

প্রতিনিধিদলে চেম্বারের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্তী, মো. জান্নাতুল ফেরদৌস, এ বি এম সিদ্দীক, মো. সাজ্জাদ উন নেওয়াজ, জহিরুল মাহমুদ মামুন ও শামসুল আলম লিটন উপস্থিত ছিলেন।

এছাড়া সৌজন্য সাক্ষাতকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।