ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ঘিরে অপপ্রচার বন্ধের আহবান মাহদী আমিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশ হওয়া ছবি নিয়ে অনভিপ্রেত ও ভিত্তিহীন অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, অহেতুক লাইক, শেয়ার, কমেন্ট পাওয়া কিংবা রাজনৈতিক কারণে ভাইরাল হওয়ার অশুভ প্রতিযোগিতায় মেতে উঠে এমন মিথ্যাচার ছড়ানো রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত নয়।

ছবিটি ঘিরে তৈরি হওয়া জল্পনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বাংলাদেশের একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দেখা হওয়া ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়। হোয়াইট হাউস থেকেই আনুষ্ঠানিকভাবে এই ছবিটি ঢাকার দফতরে পাঠানো হয়েছিল। এমনকি রোববার ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস নিজ থেকেই ছবিটি তাদের পেজে শেয়ার করেছে। মার্কিন দূতাবাস নিজে শেয়ার করার পর এর চেয়ে বড় সত্য ও প্রমাণ আর কী হতে পারে? এরপরও যারা অনর্থক মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য কেবল রাজনৈতিক ফায়দা লোটা বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন প্রধানমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো একাধিক অপপ্রচারেরও কড়া জবাব দেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান জাতিসংঘে নিজের মেধা ও যোগ্যতার জোরে চাকরি পেয়েছেন, এর সাথে বাংলাদেশ সরকারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই; অথচ সেটি সরকারের প্রভাবে পাওয়া চাকরি বলে ভুল তথ্য ছড়ানো হয়েছিল। একইভাবে ডা. জুবাইদা রহমানের একটি অনুষ্ঠান ঘিরে বিতর্কিত ব্যক্তিত্বের উপস্থিতির যে খবর রটানো হয়, তার আয়োজকরাও পরবর্তীতে সেটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন।

একই সাথে সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মাহদী আমিন জানান, ঘটনাটি মূলত অবৈধ জায়গা সংক্রান্ত দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধ, যার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। সরকার ইতোমধ্যেই ভাঙচুরের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়ে একাধিক মামলা ও গ্রেপ্তার প্রক্রিয়া জারি রেখেছে। তারপরও বিএনপির নাম জড়িয়ে রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় বলে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এই উপদেষ্টা।