বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই পদের দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে তানজানিয়া সফরে থাকা স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে অবস্থানরত জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এশিয়া প্যাসিফিক গ্রুপ হতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। মঙ্গোলিয়ার প্রার্থীকে ভোটে হারিয়ে সদস্য পদে জেতেন তিনি।
৩৭টি সদস্যদেশ নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অন্যতম গুরুত্বপূর্ণ এশিয়া-প্যাসিফিক গ্রুপটি গঠিত। এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি ও নেতৃত্ব আরও শক্তিশালী ও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।