আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সোমবার এক বিজ্ঞপ্তি ও চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিবের স্বাক্ষরিত এই নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল, বাণিজ্যিক মার্কেট ও দোকানসমূহ খোলা থাকবে।
পূজা কেন্দ্রিক কেনাকাটায় সাধারণ মানুষের ভিড় ও ব্যস্ততার কথা বিবেচনায় রেখে রাত ৮টার পরিবর্তে এই সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে এই সুবিধা সাময়িক। উৎসব শেষে আগামী ২৩ অক্টোবর থেকে পুনরায় আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার নিয়ম বহাল হবে। সরকারের এই সিদ্ধান্তে সনাতন ধর্মাবলম্বী পূজারি, ক্রেতা ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আনন্দের আমেজ ও স্বস্তি দেখা দিয়েছে।