গবেষণার ফলকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

গবেষণার ফলাফল শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে তা ব্যবহারিক ও বাণিজ্যিকভাবে প্রয়োগযোগ্য প্রযুক্তি ও পণ্যে রূপান্তর করার আহবান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি জানান, রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে পাটভিত্তিক নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যেই ২০ কোটি টাকার ‘সোনালী ব্যাগ’ প্রকল্পের অব্যবহৃত যন্ত্রপাতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলসে সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি হস্তান্তর ও ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সোনালী ব্যাগ প্রকল্পে প্রযুক্তিগত অগ্রগতি অর্জিত হলেও উৎপাদন ব্যয় বাণিজ্যিকভাবে গ্রহণযোগ্য পর্যায়ে আনা সম্ভব হয়নি। ফলে ডিসেম্বর ২০২৪-এ প্রকল্পটি সমাপ্ত হওয়ার পর মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিলো। রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয়, সেজন্য দেশের স্বার্থে গবেষণার কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে তা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিসহ মোট ৫৩টি আইটেম বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে শরীফুল আলম বলেন, এসব যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ করে পাটের সেলুলোজ, পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং পাটের বহুমুখী ব্যবহার নিয়ে গবেষণায় কাজে লাগাতে হবে। পাশাপাশি এই গবেষণার সুযোগ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের গবেষকদের জন্য উন্মুক্ত রাখার আহবান জানান তিনি।

বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো চালুর বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশি-বিদেশি বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে বন্ধ মিলগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু মিল চালু হয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছে। ডেমরার লতিফ বাওয়ানী ও করিম জুট মিলও বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া পাটবীজের আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিজেআরআই, বিএডিসি ও কৃষি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকে বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পক্ষে সহকারী পরিচালক মোস্তফা কামাল এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্টার অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন সই করেন। এরপর প্রতিমন্ত্রী এসব যন্ত্রপাতি আনুষ্ঠানিকভাবে মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ মন্ত্রণালয়, বিজেএমসি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

পাটের সেলুলোজ থেকে পরিবেশবান্ধব ও পচনশীল ব্যাগ তৈরির লক্ষ্যে ২০১৭ সালে বিজেএমসির অধীনে সোনালী ব্যাগ প্রকল্প গ্রহণ করা হয়েছিলো। তবে প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও উৎপাদন ব্যয় বাণিজ্যিকভাবে সাশ্রয়ী না হওয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্পটি সমাপ্ত হয়।