'বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে লোটে রয়্যাল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সার্বিক কর্মসূচির ওপর মিডিয়া ব্রিফিংকালে তিনি বলেন,  আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনবো বলে আশা করছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হত্যাযজ্ঞের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে বলে প্রত্যাশা করছি। কারণ এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এই খুনীকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত ১২ আসামির একজনকে ফিরিয়ে দেওয়ায় ঢাকা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ চৌধুরীকেও ফিরে পাওয়ার আশা করছে।

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সে দেশের সরকার পর্যালোচনার উদ্যোগ নিচ্ছে বলে গত বছর খবর এসেছিল। এরমধ্যে যুক্তরাষ্ট্রের সরকার বদল হয়েছে, রাশেদ চৌধুরীর বিষয়ে আর কোনো অগ্রগতির খবর এতদিন আসেনি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই মামলার রায়ে দণ্ডিতদের মধ্যে এ পর্যন্ত ছয়জনের ফাঁসি কার্যকর হলেও পাঁচ খুনি এখনও অধরা রয়েছে। 

তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। 


একাত্তর/এসজে