শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
রোববার বিকেলে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসআরবি প্রধান জানান, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার এসআরবি সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা দৃশ্যমান করতে মাঠপর্যায়ে সাড়ে ৫০০ পিকআপ ও সাড়ে ৪০০ মোটরসাইকেল নিয়ে সার্বক্ষণিক টহল পরিচালিত হচ্ছে। ১৫টি ব্যাটালিয়নের এই নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।
তিনি জানান, পূজাকে ঘিরে নির্দিষ্ট কোনো উগ্রবাদী হামলা বা নাশকতার হুমকি না থাকলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং যেকোনো জরুরি মুহূর্ত মোকাবিলার জন্য স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনেও থাকবে বিশেষ বাড়তি নিরাপত্তার বলয়।
একই সঙ্গে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে এসআরবির সাইবার মনিটরিং টিম ভার্চুয়াল জগতে সার্বক্ষণিক নজর রাখছে। ঢাকেশ্বরীসহ দেশের গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এবারও একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।