বানৌজা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)-তে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথ থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের প্রাকৃতিক রূপ ও ভৌগোলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। সেখান থেকে সড়ক ও নৌপথের সমন্বয়ে বাগেরহাটের মোংলায় অবস্থিত বানৌজা ঘাঁটিতে পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজার ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

সভা শেষে বেলা ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৩টায় সেখানে পৌঁছে বন্দরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখবেন। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এলাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল সাড়ে ৩টায় ওই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

দিনব্যাপী খুলনা ও বাগেরহাটের সরকারি কর্মসূচি সম্পন্ন করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁটায় তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন নিচ্ছিদ্র নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে।