সাগরে প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি ও শীত নিয়ে পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া বার্তায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিলো। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে নিম্নচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করছে এবং দ্রুতই গভীর নিম্নচাপ ও পরবর্তীতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এটি আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর পরোক্ষ প্রভাবে সারাদেশে আবহাওয়ার পরিবর্তন আসবে।

আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে।

নিম্নচাপটি বা সম্ভাব্য ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় বৃষ্টিপাতের সঠিক পরিমাণ ও ব্যাপ্তি স্পষ্টভাবে নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূল অতিক্রমের পর বৃষ্টিপাত কেটে গেলে দেশজুড়ে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে। বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি ক্রমশ স্পষ্ট হতে পারে।

পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় অঞ্চল ও সমুদ্রে অবস্থানরত নৌকা ও ট্রলারসমূহকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।