পদ্মা সেতুর পিলারকে বিভিন্ন নৌযানের ধাক্কার কবল থেকে রক্ষা করতে এর নিচের একাংশ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
বুধবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরিসহ অন্যান্য নৌযানকে দুই প্রান্তের ১ থেকে ৫ নম্বর ও ৩৯ থেকে ৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য নৌযানকে পিয়ার নম্বর ১৪ ও ১৫, বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী লঞ্চসহ অন্যান্য নৌযানকে পিয়ার নম্বর ১৭ ও ১৮, শিমুলিয়া থেকে আরিচাগামী (উজানের দিক) নৌযানকে পিয়ার নম্বর ৬ ও ৭ এবং আরিচা থেকে শিমুলিয়াগামী (ভাটির দিক) নৌযানকে পিয়ার নম্বর ৭ ও ৮-এর মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুন: গুলশানে ব্যাংকের ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও, জানেনা কেউ
বিআইডব্লিউটিএর উপপরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সব নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভারসহ নৌ-অপারেটরদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, সর্বশেষ গত ৩১ আগস্ট সকালে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝে 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের' ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে পদ্মা সেতুর স্প্যানের সাথে। তবে সে ধাক্কায় সেতুর কোন ক্ষতি হয়নি বলে জানান কর্মকর্তারা।
এর আগে এর আগে গত ১৩ই অগাস্ট মাদারীপুরের বাংলাবাজার থেকে আসার পথে সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে ফেরি কাকলি। তার আগে গত ৯ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এর আগে গত ২৩ জুলাই সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয় ‘শাহজালাল’ নামের রো রো ফেরি।
একাত্তর/আরএইচ