বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাপানের রাজধানী টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই অত্যন্ত ফলপ্রসূ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বৈঠকে বাংলাদেশে জেবিআইসির সরাসরি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য ঢাকায় প্রতিষ্ঠানটির একটি স্থায়ী কার্যালয় খোলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জেবিআইসি গভর্নর এই প্রস্তাবটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দীর্ঘদিনের সহযোগিতা এবং ধারাবাহিক অর্থনৈতিক সমর্থনের জন্য জেবিআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বৈঠকে তুলে ধরেন, জেবিআইসি যেসব প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে, তা বর্তমান বাংলাদেশ সরকারের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক রূপরেখার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ সরকার একটি পুরোপুরি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি সর্বস্তরের বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন বিধিবিধান সহজীকরণ ও সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
টোকিওতে আয়োজিত এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।