লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর চারটা ৫১ মিনিটে লিবিয়ার মিসরাতা শহর থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
পরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।
বিমানবন্দরে এসে পৌঁছালে প্রত্যাবাসিতদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম–এর কর্মকর্তা-প্রতিনিধিরা অভ্যর্থনা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরত আসা বাংলাদেশিদের একটি বড়ো অংশ মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে ইউরোপ গমনের উদ্দেশ্যে বেআইনিভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়াতে অবস্থানের সময় তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ধরনের ঝুঁকি ও অনিয়মিত অভিবাসনের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তাঁদের এই কঠিন অভিজ্ঞতার গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহবান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশে ফেরা প্রত্যেক নাগরিককে আইওএম-এর পক্ষ থেকে পকেট খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সুবিধা দেওয়া হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।