সাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, গরমের দাপট আরও দুই সপ্তাহ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। তবে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা ও বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ আরও অন্তত দুই সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে আঘাত হানে। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিলো।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, অর্ণব অতিক্রমের পর সাগরে নতুন করে আরেকটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলেও এর প্রভাবে দেশে বৃষ্টির তেমন বড় কোনো সম্ভাবনা নেই।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গরম ও তাপপ্রবাহ নিয়ে তিনি জানিয়েছেন, নভেম্বরের প্রথম দুই সপ্তাহেও এই গরমের অনুভূতি বা অস্বস্তি বজায় থাকবে।

এল নিনোর প্রভাবে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেই দেশের আবহাওয়ায় এই ব্যতিক্রমী গরম ও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।