শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি ক্যামেরায় লাইভ নজরদারি

গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আশুলিয়া ও ঢাকার মিরপুরসহ অন্য সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি কার্যকরভাবে তদারকি ও যেকোনো অপ্রীতিকর ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে প্রযুক্তিনির্ভর লাইভ মনিটরিং কার্যক্রম শুরু করেছে বিজিবি।

বিশেষ করে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান সংযোগস্থল ও সংবেদনশীল এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে ওপর থেকে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে, যা দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এই ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও অন্য সংস্থার সঙ্গে সমন্বিত এই পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।