সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত থাকা ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আগামী ৭ নভেম্বর থেকে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তবে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তা ও নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সূচিতে প্রয়োজনীয় সমন্বয় আনা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হবে। তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেবল দিনের বেলায় এই রুটের
অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে এখনই ফ্লাইট চালু করছে না জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সাময়িক বিমান বাতিলের কারণে রিয়াদগামী যাত্রীদের একটি বড় অংশ ইতোমধ্যে বিকল্প পথ ও অন্যান্য বিমানসংস্থায় যাতায়াত করেছেন।
ফলে বর্তমানে এই রুটে বিমানের পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। যাত্রী স্বল্পতার কারণেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিয়াদ রুট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইট পুনরায় চালু হওয়া এবং টিকিট পুনর্বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের টিকিট বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।