খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এ-সংক্রান্ত এক সারসংক্ষেপে এই অনুদান দেওয়ার বিষয়ে অনুমোদন দেন তিনি।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
ওই সারসংক্ষেপে চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে তা খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ছাড় করার জন্য প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয়ের প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে প্রধানমন্ত্রী নিজেই তা বাড়িয়ে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর এই উদার ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপে খ্রিষ্টান সম্প্রদায়ের আসন্ন বড়দিন উদ্যাপন আরও আনন্দমুখর ও বর্ণিল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।