বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি সফরে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি জেলা খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে তিনি প্রথমে মোংলায় পৌঁছাবেন এবং পরবর্তীতে সেখান থেকে সড়ক পথে খুলনার উদ্দেশে যাত্রা করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত ও ব্যস্ত সফরসূচি সম্পর্কে অতিরিক্ত প্রেস সচিব জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া সফরে তিনি বাগেরহাট জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মোংলার সফর শেষ করে সড়ক পথে তিনি খুলনায় প্রবেশ করবেন।

খুলনায় গিয়ে জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারাদেশের একদম তৃণমূল পর্যায় থেকে উদীয়মান খেলাধুলার প্রতিভা অন্বেষণ করতে জাতীয় ক্রীড়া মন্ত্রণালয় বিশেষ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো খুলনার রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে পুরো খুলনা শহরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দনরূপে নতুন করে সাজানো হয়েছে।

খুলনা জেলা স্টেডিয়াম ও এর আশপাশের প্রধান সড়কগুলোকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর রঙিন ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র শিববাড়ী মোড় থেকে শুরু করে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত সড়কের দুই পাশের দেয়ালে আঁকা হয়েছে নজরকাড়া নানা গ্রাফিতি।

এসব দেয়ালচিত্রে তুলে ধরা হয়েছে খুলনার লোকজ ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য। একই সাথে ঠাঁই পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, আর দক্ষিণাঞ্চলের গর্ব বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি।

তবে এবারের সফরে সবচেয়ে ব্যতিক্রমী দৃশ্য হলো, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় নেতা-কর্মীদের তৈরি সমব তোরণ ও বিশালাকার বিলবোর্ড একে একে খুলে ফেলা হয়েছে। অপসারণ করা হয়েছে যত্রতত্র টাঙানো সব ফেস্টুনও।

ফলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া নির্দেশনার আলোকে এই প্রথম কোনো সরকারপ্রধানের আগমনে শহরের চেনা যানজট সৃষ্টিকারী তোরণ কিংবা ঝুলন্ত ব্যানারের আধিক্য দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর নিরুপদ্রব রাখতে পুরো মহানগরজুড়ে জোরদার করা হয়েছে নিছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সরকারের এই উদ্যোগ ও প্রস্তুতি নিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসবেন, এজন্য পুরো মহানগরকে সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টি নন্দন করা হয়েছে। আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে হৃদয়ের উষ্ণতায় সাদরে অভ্যর্থনা জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।