নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
একই সঙ্গে বিদেশি অতিথিদের সামনে দেশীয় পণ্যের প্রচার ও প্রদর্শনের জন্য নারী উদ্যোক্তাদের তৈরি নানা সামগ্রী দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাজানো হবে বলেও জানান তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বিআইএম প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, নারীরা কোনো বিশেষ সুবিধা বা অনুকম্পা চায় না; তারা কেবল নিজেদের হক ও ন্যায্যতা নিয়ে এগিয়ে যেতে চায়। তাই নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে আলাদা করে ‘নারী’ শব্দটি ব্যবহার না করে কেবল ‘উদ্যোক্তা’ হিসেবে মূল্যায়ন করলেই তাদের প্রকৃত অর্থনৈতিক মুক্তি মিলবে।
তিনি জানান, বিদেশে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় নারীদের অধিকার এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে নিয়মিত কথা বলছে। পাশাপাশি দেশেও নারীদের সহজে ঋণ প্রাপ্তি ও ব্যবসা পরিচালনা সহজীকরণে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সংস্থার সঙ্গে কাজ করছে।
নারীদের অর্থনৈতিক অবদান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নারীদের পিছিয়ে রেখে বা অসহযোগিতা করে দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন কখনো পূরণ হবে না। তাদের এগিয়ে নিলেই দেশ প্রকৃত অর্থে অর্থনৈতিক মুক্তি পাবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সারাদেশ থেকে আসা মোট ৬০ জন নারী উদ্যোক্তা এ বছর জাতীয় এসএমই মেলার বিভিন্ন স্টলে তাদের তৈরি পণ্য নিয়ে অংশ নেন।