ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।
তিনি স্পষ্ট করেছেন, শেখ হাসিনা নিজে বা তাঁর পক্ষ থেকে আইনানুগ প্রক্রিয়া মেনে সশরীরে কিংবা কোনো বৈধ অথরাইজেশন জমা দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিক আবেদন জানাননি।
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিস্তারিত পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বরাতে প্রচারিত খবরের এই ব্যাখ্যা ও সত্যতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
মো. সুজাউদ্দৌলা লেখেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। তার আবেদন নিয়ে কিছু গণমাধ্যম যে শিরোনাম করেছে, তা বিভ্রান্তিকর এবং জনমনে ভুল বার্তা ছড়ায়।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের বরাতে উপ-প্রেস সচিব জানান, যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ্য করে একটি সাধারণ ই-মেইল পাঠানো হয়।
ঐ ই-মেইলে ম্যাট্রিক্স চেম্বার্স দাবি করে, তাদের মক্কেলের বাতিল হওয়া বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি পুনরাই ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে উক্ত প্রেস মিনিস্টার জানান, ই-মেইলটি আদৌ সঠিক কি না বা এটি সত্যিই শেখ হাসিনার অনুমতিক্রমে পাঠানো হয়েছে কি না, তা বোঝার কোনো উপায় নেই। কারণ ই-মেইলটির সাথে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট নথি কিংবা স্বাক্ষরযুক্ত প্রমাণপত্র ছিল না। তা সত্ত্বেও ই-মেইলটি প্রাপ্তির পর পরবর্তী প্রক্রিয়ার জন্য ঢাকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আইনি প্রক্রিয়া তুলে ধরে সুজাউদ্দৌলা উল্লেখ করেন, বাংলাদেশে কার্যকর ই-পাসপোর্ট বিধিমালা অনুযায়ী আবেদনের প্রক্রিয়াটি ব্যক্তির নিজেকেই সম্পন্ন করতে হয়।
অনলাইনে ফরম পূরণের পর আবেদনকারীকে সশরীরে পাসপোর্ট অফিস বা বিদেশের বাংলাদেশ মিশনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) এবং চোখের আইরিস দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু রয়টার্স বা এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষে এ ধরনের কোনো ফরম পূরণ, ফি প্রদান কিংবা বায়োমেট্রিক তথ্য দেয়ার উল্লেখ নেই। ফলে এটি কোনোভাবেই একটি ‘আনুষ্ঠানিক ও বৈধ পাসপোর্টের আবেদন’ নয়, বরং শুধুই একটি আইনি প্রতিষ্ঠানের তরফ থেকে পাঠানো প্রাথমিক অনুরোধ বার্তা।
ইতোমধ্যে নিরপেক্ষ একটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানও বিষয়টি পরীক্ষা করে একই সত্যতা নিশ্চিত করেছে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো লন্ডনের একটি ল ফার্মের ই-মেইল বার্তাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও পাসপোর্ট ইস্যু নিয়ে এই নতুন বিতর্ক তৈরি হয়।