ডাচেস অব এডিনবার্গের সফর রোহিঙ্গাদের জন্য আশার বার্তা: রাষ্ট্রপতি

বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী—বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করায় এই মানবিক সঙ্কটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সঙ্কট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে, যা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি নারী-শিশুদের সুরক্ষা ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান তিনি।

ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানিয়ে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ডাচেস অব এডিনবার্গ তার তিন দিনের সফরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করেছেন। তিনি বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকার বিশেষ প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।