জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি জলবায়ুবিষয়ক নীতি প্রণয়ন, আন্তর্জাতিক আলোচনা, জলবায়ু অর্থায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) আয়োজিত ‘ইয়ুথ এনগেজমেন্ট : ফ্রম পার্টিসিপেশন টু পাওয়ার’ শীর্ষক সাইড ইভেন্টে তিনি বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ শুধু আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ, প্রকল্প বাস্তবায়ন ও পরিবীক্ষণ কার্যক্রমে তাঁদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জলবায়ু অভিযোজন, উদ্ভাবনী উদ্যোগ এবং সবুজ কর্মসংস্থানে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বক্তব্য দেন।
ড. সাইমুম পারভেজ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিসিসিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রাস্টের ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
এই কর্মপরিকল্পনার আওতায় দেশের ৬৪টি জেলার প্রতিটিতে ৫০০ জন করে মোট ৩২ হাজার যুব স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ, অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে একটি নির্দেশিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ুবিষয়ক কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যাক্রস কপ-৩০’ শীর্ষক একটি নীতিপত্র প্রকাশ করা হয়। এতে ১৯৯৫ সালে বার্লিনে অনুষ্ঠিত প্রথম জলবায়ু সম্মেলন থেকে শুরু করে ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত ৩০তম সম্মেলন পর্যন্ত জলবায়ু আলোচনায় তরুণদের অংশগ্রহণের অগ্রগতি, প্রতিনিধিত্বের সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।
নীতিপত্রে ২০৩০ সালের মধ্যে জাতীয় প্রতিনিধিদলে ৩৫ বছরের কম বয়সী তরুণদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া যুব নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগের জন্য বছরে ৫০ কোটি মার্কিন ডলারের পৃথক অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে জলবায়ু শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
এতে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের পরিচালনা পর্ষদে যুব প্রতিনিধিদের জন্য দুটি আসন সংরক্ষণ, গ্লাসগো জলবায়ু চুক্তির সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি ৩.০)-সংক্রান্ত প্রতিবেদনে যুব অংশগ্রহণ মূল্যায়নের সূচক অন্তর্ভুক্ত করার সুপারিশও করা হয়।
একই অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ুবিষয়ক উদ্যোগে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (জিওয়াইসিএএন) এবং গ্রিন বুক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সহ-সভাপতি প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কারিগরি কর্মকর্তা অধ্যাপক ব্রামা গনেফান কোনে, সংস্থাটির সাবেক পরিচালক ও স্পেনের সাবেক উপস্বাস্থ্যমন্ত্রী ড. মারিয়া নেইরা এবং প্যারিস কমিটি অন ক্যাপাসিটি বিল্ডিংয়ের সহসভাপতি প্রিন্সেস ড. আবজে জিগমা।
এ সময় বিসিসিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।