রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এই আহবান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে এই সঙ্কটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ এবং আঞ্চলিক নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ জন্য রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং এই সঙ্কটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া দুই দেশের দীর্ঘদিনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় মানবিক সঙ্কট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।