তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের স্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে তুরস্কের আনতালিয়ায় এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম হোটেলে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত হলে তাঁকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানান তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। এ সময় তাঁদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
মধ্যাহ্নভোজে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের ফাঁকে ডা. জুবাইদা রহমান উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধি ও অতিথিদের সঙ্গেও আন্তরিকভাবে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।