জলবায়ু ন্যায়বিচার ও টেকসই অর্থনীতির রূপরেখা

তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দেশের দৃঢ় অঙ্গীকারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু সংকটের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও বাংলাদেশ যে এর শিকার হয়ে সম্মুখসারিতে লড়াই করছে, তা অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে এই সম্মেলনে। একই সঙ্গে উন্নত বিশ্বের প্রতি একগুচ্ছ সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পেশ করা হয়েছে, যা কেবল বাংলাদেশের নয়, বরং বিশ্বজুড়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর স্বার্থরক্ষার মূল চাবিকাঠি।

PM COP Speech 01
বৈশ্বিক কার্বন নির্গমনে নগণ্য অবদান সত্ত্বেও সর্বাগ্রে বাংলাদেশ

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে আজ সমগ্র বিশ্ব জলবায়ু সংকটের মুখে। অথচ পরিসংখ্যান বলছে, বৈশ্বিক কার্বন নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তা সত্ত্বেও বাংলাদেশ হাত গুটিয়ে বসে নেই। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান নির্বাচিত সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে গ্রহণ করেছে। শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ যে অপরিহার্য, তা আজ বাংলাদেশের নীতিমালায় স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। সরকার এক ট্রিলিয়ন ডলারের একটি জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার যে সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণ করেছে, তা উন্নয়নশীল বিশ্বের জন্য এক অনুকরণীয় মডেল।

PM COP Speech 04
নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পায়নে বিপ্লব

পরিবেশ সুরক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর উচ্চাভিলাষী লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের পথে হাঁটছে দেশ। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ দেশের জ্বালানি খাবে এক বড় পরিবর্তন আনবে।

সবুজ শিল্পায়নের ক্ষেত্রেও বাংলাদেশ অসাধারণ অগ্রগতি সাধন করেছে। বর্তমানে দেশটিতে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড (LEED) পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা রয়েছে, যা বৈশ্বিক মানদণ্ডে দেশের উৎপাদন খাতের পরিবেশগত সচেতনতার অনন্য প্রমাণ। এর পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন প্রবর্তন, পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলমান রয়েছে।

PM COP Speech 05
মেগা পরিকল্পনা ও প্রকৃতিভিত্তিক সমাধান

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় দেশের অভ্যন্তরে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী জলবায়ু সহনশীলতা অর্জনের লক্ষ্যে পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এই উদ্যোগগুলোর মাধ্যমে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি ও জলাভূমি পুনরুজ্জীবিত হবে, অন্যদিকে বন্যার ঝুঁকিও বহুলাংশে হ্রাস পাবে। এছাড়া উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে সুরক্ষা দেওয়ার নিরলস চেষ্টা চলছে।

PM COP Speech 01
জলবায়ু অর্থায়নে নতুন রূপরেখা ও পাঁচ দফা প্রস্তাব

বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত ও ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশগুলোর ওপর ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির বিশাল অর্থনৈতিক বোঝা পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলছে। এই বাস্তবতায় দ্ব্যর্থহীন কণ্ঠে জানানো হয়েছে যে, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন কোনো ঋণের বোঝা নয়, প্রয়োজন সরাসরি অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা।

এই সংকট উত্তরণে ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব’ নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে:

১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা।

২. ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

৩. পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।

৪. সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা।

৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

PM COP Speech 02

নারী, তরুণ এবং আগামীর টেকসই ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই দীর্ঘ লড়াইয়ে নারী ও তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জন করতে হবে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের এই জোরালো উপস্থিতি বিশ্বমঞ্চে দেশের নৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। ফাঁপা প্রতিশ্রুতি নয়, বরং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও বৈশ্বিক সংহতির মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত বিশ্বের প্রতি বাংলাদেশের এই আহ্বান এক ঐতিহাসিক বার্তা বহন করে।