জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। এরপর ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করার কথা রয়েছে তার।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ছয়টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি কপ-৩১ সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
পাশাপাশি সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন। এবারের সফরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন প্রাপ্তি, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পেয়েছে।