ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রতে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনস'-এর চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে সাময়িকভাবে বহিষ্কারের এই আদেশ দিয়েছেন।
এদিকে, ককটেল বিস্ফোরণের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।