তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওই দিন সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক বসবে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এই সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের জারি করা নোটিশ অনুযায়ী, এবারের সভার প্রথম ও প্রধান আলোচ্যসূচিতে রয়েছে পোশাক শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল।
মালিকপক্ষের এই প্রস্তাবের ওপর ভিত্তি করেই পরবর্তী দর-কষাকষি ও আলোচনার পথ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া ওই সভায় পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য একটি সময়োপযোগী ও গ্রহণযোগ্য নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হবে।