ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুরের মতো নয়, বরং মানুষের বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অতীতের মতো ফাঁকা বুলি নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে রাজধানীকে বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দফায় ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া দুই সিটির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, সিটি করপোরেশন, ওয়াসা, রাজউক ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ২০টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
এসব কমিটির সদস্যরা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, সরকারি কোয়ার্টার, বস্তি ও বাস টার্মিনালসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকার ৩৯ হাজার জ্যেষ্ঠ নাগরিককে সম্পৃক্ত করে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া মেডিক্যাল বর্জ্য পরিশোধনের জন্য নতুন একটি শাখা গঠনের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
সরকারি কোয়ার্টারগুলোতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকলে সংশ্লিষ্ট কোয়ার্টারে বসবাসকারীদের আবাসন বাতিল করা হবে।
রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ রাখার পাশাপাশি মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সরকার এসব উদ্যোগ নিয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।