২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে: স্পিকার

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং ওই অভ্যুত্থানে সামরিক বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কল্যাণ সমিতি (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়াও তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’

তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য করেননি। দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ওই বছর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পাঁচটি সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তবে মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান ও কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল।’

স্বাধীনতার অব্যবহিত পরেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল উল্লেখ করে স্পিকার বলেন, ‘দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী।’

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশের উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গীনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। ওই গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে।’

অনুষ্ঠানে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে সম্মুখসমরে অংশ নিয়ে জাতির গৌরবগাথায় নিজেকে সম্পৃক্ত করার ইতিহাস তুলে ধরেন তিনি।

এ সময় এমসি কলেজের যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।