বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের ৫০০ জন সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের ২০২৭ সালের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক বার্ষিক প্রকাশনায় এটিই তার প্রথম অন্তর্ভুক্তি।

জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) সম্প্রতি ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণ প্রকাশ করেছে, যেখানে ‘রাজনৈতিক’ বিভাগে তারেক রহমানকে এই স্বীকৃতি দেওয়া হয়।

প্রকাশনাটিতে তারেক রহমানকে একজন বিশিষ্ট বাংলাদেশি রাজনীতিবিদ, দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন এবং পরবর্তীতে দলের নেতৃত্ব দিতে দেশে ফিরে আসার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

তারেক রহমান ছাড়াও এই তালিকায় আরও দুইজন বাংলাদেশি নারী জায়গা করে নিয়েছেন। ‘সামাজিক ইস্যু’ বিভাগে স্থান পাওয়া এই দুই ব্যক্তিত্ব হলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। ড. হামিদা হোসেন দেশের অন্যতম প্রধান মানবাধিকার সংস্থা ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)-এর অন্যতম প্রতিষ্ঠাতা। অন্যদিকে, রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় দীর্ঘদিনের নিরলস কাজের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত ও স্বীকৃত মুখ আইনজীবী রাজিয়া সুলতানা।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের এই সর্বশেষ সংস্করণে তার নাম দেখা যায়নি।

রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম নাগরিকের ওপর বিভিন্ন ব্যক্তিত্বের রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রভাব নিবিড়ভাবে মূল্যায়ন করে প্রতি বছর এই তালিকা তৈরি করা হয়। এতে বিশ্বের শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ক্রমানুসারে র‍্যাঙ্কিং করা হয় এবং বাকি ৪৫০ জনকে মোট ১৩টি আলাদা বিভাগে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।