প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম

শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আবারও নিজের পায়ে দাঁড়িয়ে চলার এক নতুন স্বপ্ন বুনছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারিয়ে দীর্ঘদিন ধরে চলাচলের তীব্র সীমাবদ্ধতা আর নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটছিল তাঁর। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি উদ্যোগে ও আন্তরিক সহায়তায় এবার তিনি পেলেন একটি প্রস্থেটিক লিম্ব বা কৃত্রিম পা।

শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক আবেগঘন ও মানবিক পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন আগে বাম পা হারিয়ে ফেলার কারণে আব্দুর রহিমের দৈনন্দিন জীবন হয়ে পড়েছিল ভীষণ দুর্বিষহ। স্বাভাবিকভাবে হাঁটাচলা করা তো দূরের কথা, সাধারণ জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে তাকে অন্যের ওপর নির্ভর করতে হতো। শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডেও বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল।

অবশ্য মানবিক এই সহায়তার ফলে আব্দুর রহিমের চলাফেরার সেই দীর্ঘদিনের সীমাবদ্ধতা অনেকাংশে ঘুচে যাবে বলে আশা করা হচ্ছে। কৃত্রিম পায়ের সাহায্যে তিনি এখন আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। এর ফলে দৈনন্দিন নানা কাজকর্মে অন্যের ওপর তাঁর নির্ভরশীলতা যেমন কমবে, তেমনি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি আবারও আগের মতো সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ ফিরে পাবেন। প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী ও সহানুভূতিশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।