প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বসার ভঙ্গি নিয়ে আলোচনা-সমালোচনা মূল আলোচনার বিষয়বস্তুকে কিছুটা আড়াল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের রাষ্ট্রদূত ফেরদৌসী শারিয়ার স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন উপলক্ষে সফর নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব পাওয়া একজন মন্ত্রীর ক্ষেত্রে এমন আচরণ বা বসার ভঙ্গি কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে। তবে এ ধরনের বিষয় নিয়ে অযথা বিতর্ক না বাড়িয়ে বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের প্রত্যাশা এবং নতুন বাংলাদেশের রূপান্তর নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেদিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও এগিয়ে নিতে বিনিয়োগ, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া জলবায়ু তহবিলের অর্থায়ন পেতে দীর্ঘ ও জটিল প্রক্রিয়া দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অর্থায়ন সহজ ও দ্রুত করতে হবে, যাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো সময়মতো অর্থ পেয়ে এর ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে পারে।